যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্র্তৃপক্ষ। ফ্লোরিডার হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (এইচসিএসও) জানিয়েছে, গত ২৬ এপ্রিল উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদ সুলতানা বৃষ্টির। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে কাউন্টি শেরিফ চ্যাড ক্রোনিস্টার এই মামলার ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, এই মরদেহ শনাক্তকরণ কিছু প্রশ্নের উত্তর দিলেও এই ঘটনা গভীর শোক নিয়ে এসেছে। শেরিফ ক্রোনিস্টার জানান, বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে।
বাংলাদেশ কূটনৈতিক মিশন এই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ভুক্তভোগীর পরিবারের অনুরোধে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন; দুজনেরই বয়স ২৭ বছর। ২৪ এপ্রিল টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কর্র্তৃপক্ষ জানিয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
লিমনের মরদেহ খুঁজে পওয়ার দুদিন পর ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছ শিকারি কায়াক চালানোর সময় একটি কালো রঙের পলিথিন দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায়। তবে খণ্ডিত অংশগুলো এমন অবস্থায় ছিল যে পুলিশ সেগুলো শনাক্ত করতে পারছিল না; যা এখন বৃষ্টির মরদেহ হিসেবে শনাক্ত হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে সম্ভাব্য খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোয়াট টিম সন্দেহভাজনকে তার বাবা-মায়ের বাসা থেকে গ্রেপ্তার করে। টাম্পায় অনুষ্ঠিত এক শুনানিতে হিলসবরো কাউন্টি কোর্টের বিচারক লোগান মারফি তাকে জামিন না দিয়ে আটক রাখার নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তারা এখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, লিমন ও বৃষ্টিকে একই সময়ে হত্যা করা হয়েছিল কি না। ২৬ বছর বয়সী আবুঘরবেহকে কারাগারে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) দুটি হত্যার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।