শিক্ষামন্ত্রী বললেন

সন্তানদের মেধা ও মননের সংস্কার হবে খেলাধুলায়

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এতে তাদের মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদের তুলে ধরবে এই বিশ্বাস রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালসারের মাধ্যমে এভাবে সারাদেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে এসেছিল। আজকে তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবিদের খুঁজে বেড়াচ্ছেন।

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

বক্তব্য শেষে মন্ত্রী বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোটর্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।