জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রবিবার জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করতে যাচ্ছে। দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী চার পর্বে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট, বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা অংশ নেবেন। গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।
চার পর্বের এই আয়োজনে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে। এই সেশনে আসন গ্রহণ করবেন সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এরপর স্বাগত বক্তব্য রাখবেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার। প্যানেলিস্ট হিসেবে থাকবেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যরা।
প্রথম সেশনে ‘অর্থনৈতিক পুনর্গঠন : দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান’ বিষয়ে আলোচনা হবে। এতে সেশন চেয়ার থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্যানেলিস্ট হিসেবে থাকবেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনসহ অনেকে।
দ্বিতীয় সেশনে ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা হবে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সেশন চেয়ার থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সেশনে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খানসহ অনেকেই।
তৃতীয় সেশনে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার : বর্তমান ঝুঁকি ও করণীয়’ বিষয়ে আলোচনা হবে দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। এতে সেশন চেয়ার থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সেশনে অংশ নেবেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ অনেকে।
সমাপনী সেশনে ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ বিষয়ে আলোচনা হবে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। সেশন চেয়ার থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সেশনে অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মডারেটর থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, সরকার শুরু থেকেই শপথ ভঙ্গ করেছে এবং সংস্কার পরিষদে শপথ নেয়নি। আমরা বুঝেছি এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই চলমান অচলাবস্থা দূর করার জন্য তখন থেকেই সভা-সেমিনার ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।