কর্মচারীরাই আগুন দিয়েছে নিজ প্রতিষ্ঠানে

রাজধানীর মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আসমাউল ইসলাম, জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান।

পরে রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৪টার দিকে মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২য় তলার স্টোররুমে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানো হয়। এ ঘটনায় ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকি ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়। ওই ঘটনায় শিক্ষা অধিদপ্তরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী (মাস্টাররোল) আসামি আসমাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে ভবনের স্টোররুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর শিক্ষা অধিদপ্তর থেকে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।