৫ আগস্ট কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেপ্তার

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:১২ এএম

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়ে যায় ৮৭ বন্দি। তাদের মধ্যে কেউ ফিরে এসেছিলেন, কেউ ধরা পড়েছেন পরে; তবে ৩৯ জন এখনো অধরা। এর মধ্যে ঘটনার প্রায় দুই বছর পর শ্যামনগরে পৃথক অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও দুই পলাতক বন্দি। গত মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে শ্যামনগর থানা-পুলিশ। তারা হলেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি গ্রামের রফিকুল ইসলাম গাজী।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গ্রেপ্তার দুজন কারাগার থেকে পালানোর পর নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, পালিয়ে যাওয়া ৮৭ জনের মধ্যে বিভিন্ন সময়ে ৪৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। আরও ৩৯ জন পলাতক আছে। তাদের তালিকা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন মৃত্যুদ-প্রাপ্ত দুই আসামি সাতক্ষীরা সদরের সাহেব আলী ও ভাড়ুখালীর শাহাদাৎ হোসেন। হত্যা মামলার আসামি হিসেবে বন্দি ছিলেন তালার আসমা বেগম ও আমিরুল ইসলাম, কলারোয়ার আবদুল আলিম ও শ্যামনগরের শফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত