রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেকে বাঁচাতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন বলেন, গত ২৮ এপ্রিল রাতে ছোট ভাই টিটনকে হত্যার পর পিচ্চি হেলাল একটি অডিও রেকর্ড ছড়িয়ে দিয়ে নানা ধরনের মিথ্যাচার করছে। সে পারিবারিক কলহের যে দাবি করেছে, তা সম্পূর্ণ বানোয়াট। মূলত তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করতেই এই অপকৌশল নিয়েছে। তিনি বলেন, ১১ ভাইবোনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। বোন ও ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সঙ্গে কোনো বিরোধ নেই। ইমন একজন উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পিচ্চি হেলাল নিজের অপরাধ ঢাকতে এসব আবোল-তাবোল বলছে। হত্যাকা-ের নেপথ্য কারণ উল্লেখ করে রিপন জানান, পিচ্চি হেলাল রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় প্রভাব বিস্তার এবং আসন্ন কোরবানির পশুর হাটের ব্যবসা নিয়ন্ত্রণে টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ছাড়া জেলখানায় থাকাকালেও টিটনের সঙ্গে তার বিরোধ হয়েছিল।
অডিও রেকর্ডে ফোন ফরেনসিক করার চ্যালেঞ্জের জবাবে নিহতের বড় ভাই বলেন, আমার ফোন ফরেনসিকে দিতে প্রস্তুত। তবে দাবি জানাচ্ছি পিচ্চি হেলালের ব্যবহৃত সবকটি মোবাইল জব্দ করে ফরেনসিকে পাঠানো হোক। তাহলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। পিচ্চি হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজু হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। হত্যাকা-ের দেড় মাস আগে টিটন তার ভাইকে জানিয়েছিল, হেলাল তাকে হত্যার নীলনকশা করছে।
নিহত টিটনের পরিবার এই নৃশংস হত্যাকা-ের দ্রুত বিচার এবং পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা শঙ্কা প্রকাশ করছেন, পিচ্চি হেলালের দাপট ও অপপ্রচারে বিচারপ্রক্রিয়া যেন প্রভাবিত না হয়। কোরবানির পশুর হাটের ইজারা টিটন নিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটা মানুষ কারাগারে ছিল। এরপর বের হয়। সে কারাগার থেকে বেরিয়ে কীভাবে কাগজপত্র প্রস্তুত করে ইজারা নেবে? হয়তো অন্যদের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে চেয়েছিল। কারাগার থেকে বেরিয়ে কোথায় থাকতেন টিটন এমন প্রশ্ন করা হলে ভাই বলেন, ধানম-ি ছিল। এর মধ্যে যশোরে গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখাও করেন। পিচ্চি হেলাল এর আগেও হুমকি-ধমকি দিয়েছিল।