শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তার দাবি, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা ও রকম সাজতে চাইছে। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
শীর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে কি না এবং পুলিশের তালিকার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, সব সময় আমাদের তালিকা হালনাগাদ হচ্ছে। মনিটরিং, অবজারভেশনসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
এর আগে পুলিশ ক্যাম্প উদ্বোধনের বিষয়ে কমিশনার বলেন, কারওয়ানবাজার এলাকায় অপরাধ ‘শূন্যে’ নামিয়ে আনতে ক্যাম্পটি চালু করা হয়েছে।
অচিরেই ঢাকা মহানগর এলাকায় চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করে মহানগরবাসীকে স্বস্তি দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ঢাকায় চাঁদাবাজসহ সব অপরাধী ধরতে বিশেষ অভিযান চলছে। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, পরিবহন ব্যবসায়ী, কাঁচাবাজার ব্যবসায়ীসহ অন্যান্য যারা আছেন তাদের আমরা কমফোর্ট দিতে পারব। এর ফলে দ্রব্যমূল্যের ওপরে প্রভাব পড়বে, দ্রব্যমূল্য কমে যাবে বলে আমরা আশা করছি।
অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, কেউ যদি মনে করেন প্রকাশ্যে তথ্য দেবেন না, তারা চাইলে গোপনে ক্যাম্পে যেকোনো তথ্য দিয়ে যেতে পারবেন। ‘সর্বোচ্চ গোপনীয়তা’ রক্ষা করে সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।