ঐতিহাসিক মে দিবস পালিত

র‌্যালি, সমাবেশ, আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হলো শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক ১ মে দিবস। গত শুক্রবার শ্রমজীবীদের লড়াইয়ের দিনকে স্মরণ করে দিবসটির গুরুত্ব তাৎপর্য অনুযায়ী পালিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। এ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্পবিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের ১ মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো। পরে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদ- দেওয়া হলে, তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয়। ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।