ঝালকাঠি সদর হাসপাতালে পরিত্যক্ত স্থান থেকে মানব ভ্রূণ উদ্ধার

ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশের একটি ড্রেনের ওপর পরিত্যক্ত স্থানে এক মৃত মানব ভ্রূণ পাওয়া গেছে।

রবিবার (৩ মে) সকাল ৯টার দিকে হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রূণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্বাবাধায়ক ড. মাসুম ইফতেখার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রূণটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মানব ভ্রূণ উদ্ধার করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। তবে এটি কীভাবে ঘটেছে—তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেনি। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।