‎ম্যাক্সওয়েলকে ‘সোনার হাঁস’ উপহার দিলেন নাহিদ রানা ‎

পাকিস্তান সুপার লিগের মেগা ফাইনালে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশের গতিদানব নাহিদ রানা। হায়দ্রাবাদ কিংসমেন ইনিংসের সপ্তম ওভারে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে শূণ্য হাতে ফিরিয়ে দেন তিনি

ইনিংসের তখন ৭.১ ওভার। ক্রিজে নতুন ব্যাটার হিসেবে এসেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তবে নাহিদ রানার গতির সামনে টিকতে পারলেন না এক বলও। রানার করা একটি তীক্ষ্ণ শর্ট লেংথ বল ম্যাক্সওয়েলকে ফলো করে ভেতরে ঢোকে। লেগ সাইডের বাইরে জায়গা করে নিয়ে পুল শট খেলার চেষ্টা করেছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু ব্যাটের ওপরের অংশে লেগে বলটি সোজা চলে যায় মিড-অন ফিল্ডারের হাতে। ফারহান ইউসুফ কোনো ভুল না করে সহজ ক্যাচটি তালুবন্দি করতেই বিস্ময়ে স্তব্ধ হয়ে যান ম্যাক্সওয়েল। 

‎রানার পরের উইকেটটি ইনিংসের ১৪তম ওভারের ঘটনা।  স্ট্রাইকে থাকা হুনাইন শাহকে লক্ষ্য করে ১৪৮ কিমি গতিতে একটি নিখুঁত ‘ব্লকহোল’ ইয়র্কার ছোড়েন রানা। হুনাইন লাইন ক্রস করে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলের গতি এতোটাই বেশি ছিল যে ব্যাটে ছোঁয়ানোর আগেই তা সরাসরি স্টাম্পে আঘাত হানে।  ​

স্টাম্প উড়ে যেতেই সিগনেচার স্টাইলে শূন্যে লাথি মেরে উদযাপন করেন রানা। তার এই জোড়া শিকারে ১০৮ রানেই অষ্টম উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে হায়দরাবাদ কিংস।

৪ ওভারের নিয়ন্ত্রিত স্পেলে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন বাংলাদেশি পেসার।

‎অ্যারন হার্ডি ৪ উইকেট নিয়ে হায়দরাবাদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। সাইম আইয়ুবের হাফ-সেঞ্চুরি (৫৪) ছাড়া দলের আর কোনো ব্যাটার বড় সংগ্রহ গড়তে পারেননি।