ফের জ্বালানির দাম বাড়াল শ্রীলঙ্কা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের জেরে টালমাটাল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ফের জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি করেছে শ্রীলঙ্কা। গতকাল রবিবার শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম করপোরেশন কৃষিকাজে ব্যবহৃত কেরোসিনের দাম লিটারপ্রতি ১০ রুপি বাড়িয়ে ২৬৫ রুপি নির্ধারণ করেছে। পেট্রোলের দাম ১২ রুপি বেড়ে হয়েছে ৪১০ রুপি; ডিজেলের দাম ১০ রুপি বাড়িয়ে ৩৯২ রুপি করা হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানির উচ্চমূল্যের কারণে এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৫.৪ শতাংশে দাঁড়িয়েছে; যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।

নতুন করে তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত সেই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরবরাহে বিঘœ ঘটায় এই দ্বীপ দেশটিতে জ্বালানি ব্যবহারে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। দেশটির আদমশুমারি ও পরিসংখ্যান বিভাগ বলেছে, জ্বালানি ও বিদ্যুৎ শুল্ক বৃদ্ধির ফলে পরিবহন ব্যয়ের পাশাপাশি খাদ্যদ্রব্যের দামও বেড়ে গেছে। এর আগে, গত মার্চে শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়। পাশাপাশি গ্যাস-বিদ্যুতের দামও সমহারে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের শুরুর দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে পাওয়া ২৯০ কোটি ডলারের ঋণের সহায়তায় ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করছে শ্রীলঙ্কা। তবে জ্বালানির উচ্চমূল্য দেশটির এই পুনরুদ্ধার প্রচেষ্টাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।