চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:২১ এএম

চীনের অর্থনৈতিক সংস্কারে নেতৃত্ব দেওয়া এবং দেশটিকে বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরের কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। গতকাল বুধবার ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে ঝুর মৃত্যু হয়েছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক শোকবার্তায় ঝুকে ‘একজন চমৎকার পার্টির সদস্য, দীর্ঘদিনের পরীক্ষিত ও অনুগত কমিউনিস্ট যোদ্ধা এবং একজন অসাধারণ শ্রমজীবী শ্রেণির বিপ্লবী, রাষ্ট্রনায়ক এবং পার্টি ও রাষ্ট্রের নেতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

‘বস ঝু’ নামে পরিচিত এই নেতা তৎকালীন শীর্ষ নেতা দেং শিয়াওপিংয়ের অধীনে চীনের অর্থনৈতিক পুনর্গঠন ও সংস্কারে রূপান্তরকারী ভূমিকা রেখেছিলেন। তিনি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং পরে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চীনের অর্থনীতিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত কাঠামো থেকে আরও বাজারমুখী ও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে দুর্নীতি দমন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, আর্থিক ও করব্যবস্থায় পরিবর্তন এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের মতো বড় সংস্কারের সঙ্গেও তার নাম জড়িয়ে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত