মনপুরায় বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

ভোলার মনপুরায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি যাত্রীবাহী বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

রবিবার (৩ মে ) বিকেল ৩টার দিকে মনপুরা থানাধীন মেঘনা নদীতে প্রবল বাতাসের কারণে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট বিকল হয়ে পড়ে এবং নদীতে ভাসতে থাকে। 

এ সময় বোটে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান। পরে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে ইঞ্জিন বিকল বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর যাত্রী ও বোটটিকে মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জনসেবায় কোস্ট গার্ড সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।