চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং একজন আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেনিপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা যান। অপরদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার (চালকের সহকারী) মো. রবিউল হোসেন (৫০) নিহত হয়েছেন। দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেনিপুর মোড়ে গতকাল রবিবার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ (১৭) ও শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭) নিহত হন। তারা সম্পর্কে শ্যালক এবং ভগ্নিপতি।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ভোরবেলা জিসান ও সোহাগ মোটরসাইকেলযোগে আজিপুর থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথে বেনিপুর মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক হলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি সুকোমল।
মিরসরাই (চট্টগ্রাম) : গত শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর চলমান ফিলিং স্টেশনের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার মো. রবিউল হোসেন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত মো. রবিউল হোসেন ঝিনাইদহ জেলার শৈলকীপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মহাসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকে। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকের সহকারী ঘটনাস্থলে মারা যান। এ সময় ট্রাকের চালকও আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে মরদেহ বের করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শরিফুজ্জামান বলেন, ভোরে সড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।