থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন আফঈদারা

সাফে আগের দুই আসরেই টানা দুটি শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন নিয়ে ভারতের গোয়ায় যাবেন আফঈদারা। তাই এবার বাড়তি পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ফলে গোয়ায় যাওয়ার আগে বিশেষায়িত অনুশীলনের জন্য থাইল্যান্ডে যাচ্ছেন ঋতুপর্ণারা। সেখানে দুটি ক্লাবের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাচ্ছেন লাল সবুজের মেয়েরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে এই তথ্য জানা গেছে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে চলছে দলের নিবিড় অনুশীলন ক্যাম্প। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় সংক্ষিপ্ত অনুশীলন শেষে আগামী ৭ মে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে দলটি। থাইল্যান্ডে প্রায় দুই সপ্তাহের একটি বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ, যেখানে মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি যাচাই করা।

থাইল্যান্ডে অবস্থানকালে দুটি বিদেশি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যদিও ক্লাবগুলোর নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে। ফিফা উইন্ডোর বাইরে থাকায় জাতীয় দলের সঙ্গে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি, তাই ক্লাব দলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২৫ মে থেকে ৫ জুন অনুষ্ঠিত হবে ভারতের গোয়ায়। বাংলাদেশ দল ২১ মে ব্যাংকক থেকে সরাসরি গোয়ায় পৌঁছাবে। টুর্নামেন্ট শুরুর আগে থাইল্যান্ড ক্যাম্প দলের ফিটনেস, কৌশল এবং সমন্বয় আরও উন্নত করতে সহায়ক হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, আগের আসরগুলোতে দীর্ঘমেয়াদি প্রস্তুতি থাকলেও বিদেশে ক্যাম্প কিংবা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ সীমিত ছিল। এবার সেই ঘাটতি পূরণে বাফুফে বাড়তি উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে খেলোয়াড়দের ভারতীয় ভিসাও করা হয়েছে। সব মিলিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রস্তুতির এই বাড়তি আয়োজন দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবেÑ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।