ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ফোন ও হোয়াটসঅ্যাপে বেশ কিছু দিন ধরেই যোগাযোগ চলছে। আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার মৌখিক সিদ্ধান্তও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়। তবে এখনো সেটি আনুষ্ঠানিক রূপ পায়নি।
ভারতীয় দলের বাংলাদেশ সফরের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অনিশ্চয়তা। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের বিষয়টিও এখনো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে। এর মধ্যে বিসিসিআই জানিয়েছে, ২৭ আগস্ট শ্রীলংকা সফর শেষ করে ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে তারা।
বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সূচির থেকে কয়েক দিন পিছিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ভারতের। তবে সেটি না হওয়ায় বাংলাদেশ সফর নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিসিবি অবশ্য এখনো আশাবাদী।
গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী বলেন, ‘যখনই এটা এমন একটি পর্যায়ে যাবে, যেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার মতো অবস্থায় থাকবে, তখন আমরা আপনাদের জানাব। তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিষয়টি নিয়ে কাজ চলছে।’ চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন আসিফ, ‘এ মুহূর্তে ঠিক কোন অবস্থায় আছে, সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না। আমার মনে হয়, আরও দুই-চার দিন কিংবা কিছুটা সময় গেলে আমরা আপনাদের একটি নির্দিষ্ট ও পরিষ্কার তথ্য দিতে পারব। সেটাই ভালো হবে। তাই এখনই এ বিষয়ে কোনো মন্তব্য না করাই ভালো। আমরা সবসময়ই আশাবাদী।’
ভারত-আফগানিস্তান সিরিজের সূচির সঙ্গে বাংলাদেশের সিরিজকে মেলাতে চান না বিসিবির আরেক পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ওটার (ভারত-আফগানিস্তান সিরিজ) সঙ্গে এটাকে একদমই মেলানোর কোনো সুযোগ নেই। এ সিরিজটি নিয়ে এখনো আলোচনা চলছে এবং এখন পর্যন্ত এতে কোনো নেতিবাচক বিষয়ও নেই। এখানে মূলত দুই পক্ষের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে।’ তবে প্রয়োজনে ভারত সিরিজের সময়সূচি পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে বিসিবির। এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘সেই পরিকল্পনাও আমাদের আছে। যদি কোনো কারণে এ সময়সূচি নিয়ে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হয়, তাহলে সেটিও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। প্রয়োজন হলে আমরা বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করব।’