তারা যাচ্ছিলেন কাজের খোঁজে

কাজের খোঁজে সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৮ নির্মাণশ্রমিক। আহত হন আরও ৭ জন। নিহতদের মধ্যে ২ জন নারী শ্রমিকও রয়েছেন। গতকাল রবিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন এবং হেলপার গাড়ি চালাচ্ছিলেন বলে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে।  

নিহতরা হলেন সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার দুই ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশা উপজেলার সরিষা গ্রামের নার্গিস আক্তার, দিরাই উপজেলার সাচনা গ্রামের মুন্নি বেগম, দিরাই ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী, ভাটিপাড়া নূর নগরের ফরিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের পা-ব বিশ^াস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের ৪ যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৪ জন।

আবদুল লতিফ নামের স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার সময় ট্রাকের ড্রাইভার ছিল ঘুমে এবং গাড়ি চালাচ্ছিল হেলপার। 

তবে হেলপারের গাড়ি চালানোর বিষয়টি সত্য নয় জানিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, পুলিশ ট্রাকের হেলপারকে আটক করেছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে হেলপারের গাড়ি চালানোর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পণ্যভর্তি ট্রাক হেলপারের চালানোরও কথা নয়। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন বলে তাৎক্ষণিকভাবে কেউ কেউ আমাদের জানিয়েছেন। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা গেছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিক নুরুজ আলীর ভাই সুয়েব আলী বলেন, ‘কয়েকদিনের টানা বৃষ্টির কারণে আমার ভাইসহ অন্য শ্রমিকরা কয়েকদিন কাজে যেতে পারেনি। রবিবার সকালে রোদ ওঠায় সবাই কাজে বেরিয়েছিল। একজন ঠিকাদারের মাধ্যমে তারা পিকআপ ভ্যানে করে কাজের জন্য সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়।’ তিনি জানান, পিকআপ ভ্যানের ওপর সিমেন্টের মিকশ্চার মেশিনও ছিল, দুর্ঘটনার সময় মেশিনের সঙ্গে ধাক্কা লেগে শ্রমিকরা ছিটকে সড়কে পড়ে যায় এবং এতে হতাহতের ঘটনা ঘটে।

ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার উমর রাশেদ মনির বলেন, আহতদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। একজন আইসিইউতে আছেন। হাসপাতালের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।