এনসিপির কনভেনশনে বক্তারা 

বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে 

সংস্কার নিয়ে বিএনপি নেতৃত্বধীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বক্তারা। তারা বলেছেন নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির জায়গা থেকে তারা সরে এসেছে। বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে।

গতকাল রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে বক্তারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি এই কনভেনশনের আয়োজন করে।

কনভেনশনের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সরোয়ার তুষার। সর্বশেষ সেশনে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্যানেলিস্ট হিসেবে আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর কী ফল হলো? আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। যারা প্রথম থেকে ম্যাটিকুলাসলি প্ল্যান করেছে যেন অভ্যুত্থানের পর আমরা যে স্বপ্ন দেখেছি, তা ভেস্তে দেওয়া হয়।’ তিনি বলেন, ‘নির্বাচনে দুই মাসও যায়নি। এর মধ্যে আমাদের আলোচনা করতে হচ্ছে। জুলাই সনদে ও অধ্যাদেশে রেখে যাওয়া গুম, মানবাধিকার, দুদক, বিচার বিভাগসহ একাধিক প্রাতিষ্ঠানিক সংস্কার বাতিল করছে সরকার।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, সংসদের প্রথম অধিবেশনের পরই বলেছি, এটা প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। যে অধ্যাদেশগুলো আইন করলে সরকারের ক্ষমতা বাড়বে, সেগুলোকে তারা আইনে পরিণত করেছে। কিন্তু যেগুলো সরকারের জবাবদিহি নিশ্চিত করবে, সেগুলো তারা ল্যাপস করে বাতিল করে দিয়েছে।

প্রথম সেশনের সভাপতি আখতার হোসেন বলেন, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতা নিরঙ্কুশ উপভোগ করতে চায়।

আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে : নাহিদ

বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির জাতীয় কনভেনশনের সর্বশেষ সেশনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে উল্লেখ করে নাহিদ বলেছেন, প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সরকার তা না করে নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে করলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, আমাদের ৫৪ বছর ধরে গণতান্ত্রিক আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান তার কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করেন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। কিন্তু নির্বাচনের পরে দেখলাম তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।

অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।