মক্কার জাদুঘরে বিরল পিতলে খোদাই করা কোরআন প্রদর্শনী

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে অষ্টাদশ শতকের বিরল পিতলে খোদাই করা একটি কোরআন শরিফ, যা ইসলামি শিল্পকলার নিখুঁত দক্ষতা ও ঐতিহ্য তুলে ধরতে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হয়েছে। 

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই কোরআনের প্রতিটি আয়াত সূক্ষ্মভাবে পিতলের পাতে খোদাই করা হয়েছে, যা সেই সময়ের কারিগরি দক্ষতা ও শিল্পসৌন্দর্যের অনন্য নিদর্শন।

প্রদর্শনীতে আরও রয়েছে বিভিন্ন যুগের দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ও নিদর্শন, যা কোরআন লিপিবদ্ধ করার দীর্ঘ ইতিহাসকে স্পষ্টভাবে তুলে ধরে।

জাদুঘরের এই বিশেষ সংগ্রহ কেবল শিল্পকলার নিদর্শন নয়, বরং মুসলমানদের কোরআনের প্রতি গভীর ভালোবাসা ও যত্নের প্রতিফলন। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোরআন সংরক্ষণে যে নিষ্ঠা ও সম্মান দেখানো হয়েছে, তারই ধারাবাহিকতা ফুটে উঠেছে এই নিদর্শনে। 

বিশেষজ্ঞদের মতে, পিতলে খোদাই করা এই কোরআন ইসলামি ক্যালিগ্রাফি ও অলংকরণশিল্পের এক উজ্জ্বল উদাহরণ, যেখানে সৌন্দর্য ও শুদ্ধতা একসঙ্গে মিলিত হয়েছে।

এটি প্রমাণ করে, মুসলমানরা কোরআনকে শুধু ধর্মগ্রন্থ হিসেবে নয়, বরং শিল্প ও সংস্কৃতির এক অনন্য উৎস হিসেবেও লালন করেছেন।