পবিত্র কোরআন জীবনের পথনির্দেশক। এই মহাগ্রন্থের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের নানা নিদর্শনে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর প্রবেশপথে নির্মিত ‘মক্কা গেট’ তেমনই এক ব্যতিক্রমী স্থাপত্য। খোলা কোরআন শরিফ ও ঐতিহ্যবাহী রেহালের আদলে তৈরি বিশাল এই প্রবেশদ্বার আগত দর্শনার্থীদের মুগ্ধ করে।
মক্কা গেটকে কোরআন গেটও বলা হয়। এর নকশায় ফুটিয়ে তোলা হয়েছে কাঠের ঐতিহ্যবাহী রেহালের ওপর রাখা একটি খোলা কোরআন শরিফের আকৃতি। সৌদি শিল্পী আজিজ দিয়া এই স্থাপনার নকশা তৈরি করেছেন। আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে ইসলামি ঐতিহ্যের সমন্বয়ে তৈরি হয়েছে অনন্য এই স্থাপত্যকর্ম।
স্থাপনাটির দুটি পৃষ্ঠা রয়েছে। প্রতিটি পৃষ্ঠার উচ্চতা প্রায় ১৬ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। সড়ক থেকে ৩১ মিটার উচ্চতায় এর অবস্থান। দুই পাশের ভিত্তি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা কাঠামোর দুই অংশ সড়কের ওপর মিলিত হয়ে খোলা কোরআনের আকৃতি তৈরি করেছে। প্রায় ১৫২ মিটার দীর্ঘ ও ৩১ মিটার প্রশস্ত প্রবেশদ্বারটি মক্কা-জেদ্দা মহাসড়কে, নগরীর পশ্চিমে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।
নির্মাণে ব্যবহার করা হয়েছে চাঙ্গা কংক্রিট, কাচ ও কাঠ। পাশাপাশি এতে রয়েছে আলোকসজ্জা, ইসলামি নকশা এবং আরবি ক্যালিগ্রাফি। রাতের বেলায় বিভিন্ন আলোকব্যবস্থার কারণে স্থাপনাটির সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এর চারপাশে রয়েছে খেজুরগাছ, বাগান ও গাড়ি রাখার জায়গা।
মক্কা পৌরসভা নগরীর প্রবেশপথগুলোকে আরও নান্দনিক ও আধুনিক করে তুলতে কাজ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে সবুজায়ন, উন্মুক্ত স্থান ও স্থাপত্য নিদর্শনের সমন্বয় ঘটানো হচ্ছে। এর মাধ্যমে নগরীর স্বতন্ত্র পরিচয় তুলে ধরার পাশাপাশি বাসিন্দা, দর্শনার্থী ও হজযাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
২৬ চিত্রে কাবার গিলাফ পরিবর্তন