মক্কার জাদুঘরে শৈল্পিক কারুকাজে সমৃদ্ধ বিরল কোরআন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম শিল্পীরা কোরআনের পাণ্ডুলিপি লেখা, অলংকরণ ও বাঁধাইয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। সেই ঐতিহ্যেরই এক অনন্য নিদর্শন প্রদর্শিত হচ্ছে সৌদি আরবের মক্কায়। হেরা সাংস্কৃতিক জেলার পবিত্র কোরআন জাদুঘরে রাখা বিরল একটি কোরআন আরবি ক্যালিগ্রাফি ও সূক্ষ্ম কারুকাজের শৈল্পিক সৌন্দর্য তুলে ধরছে।

বার্তা সংস্থা ইকনা জানায়, কালো কালিতে লেখা কোরআনটি খোলা অবস্থায় প্রদর্শিত হচ্ছে। এর প্রথম পৃষ্ঠায় রয়েছে সুরা ফাতিহা। দুই পৃষ্ঠাজুড়ে নিখুঁত আরবি লিপির পাশাপাশি রয়েছে সূক্ষ্ম অলংকরণ। আয়াতের মধ্যবর্তী বিভাজকগুলোতে স্বর্ণের কারুকাজ এবং ফুলের নকশা স্থান পেয়েছে। এসব নকশা কোরআনের মূল লেখার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।

কোরআনটির বাঁধাইয়েও রয়েছে বিশেষ শৈল্পিক বৈশিষ্ট্য। গাঢ় বাদামি রঙের মলাটে ফুটিয়ে তোলা হয়েছে খোদাই করা অলংকরণ। মলাটের মাঝখানে রয়েছে নান্দনিক পদকাকৃতির নকশা।

কোরআনটি জাদুঘরের পাণ্ডুলিপি, কোরআন ও ঐতিহাসিক নিদর্শনের সমৃদ্ধ সংগ্রহের অংশ। এসব নিদর্শনের মাধ্যমে পবিত্র কোরআন লেখার ইতিহাস, সংরক্ষণ এবং এর সঙ্গে সম্পর্কিত শিল্পকলার বিবর্তন তুলে ধরা হয়েছে।

জাদুঘরটির সংগ্রহে কোরআন লিপিবদ্ধ করার বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ের নিদর্শন রয়েছে। এতে কোরআনের পাণ্ডুলিপিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের আরবি লিপি, অলংকরণ, স্বর্ণের কারুকাজ ও বাঁধাইয়ের নমুনা স্থান পেয়েছে। পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী লেখার ও কোরআন অনুলিপি তৈরির বিভিন্ন সরঞ্জাম।

জাদুঘরের উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে প্রাচীন ও বিরল কোরআনের পাণ্ডুলিপি। এসবের কিছু কুফি লিপিতে লেখা। আবার কোনো কোনো পাণ্ডুলিপির পাতায় রয়েছে সূক্ষ্ম অলংকরণ ও স্বর্ণের কারুকাজ।

সংগ্রহের আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন হলো ‘ব্লু কোরআন’। এতে গাঢ় নীল রঙের পাতায় স্বর্ণের কালিতে কোরআনের আয়াত লেখা হয়েছে। পবিত্র কোরআনের লিখনশৈলী ও অলংকরণের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের পাণ্ডুলিপি বিশেষ গুরুত্ব বহন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত