৩ ফাইনালের আক্ষেপ কি এবার ঘুচবে ডাচদের

বিশ্বকাপের ইতিহাসে নেদারল্যান্ডস বা ‘ডাচ’ ফুটবল মানেই এক শৈল্পিক সুন্দরের আখ্যান। কমলা জার্সিধারীরা ফুটবলবিশ্বকে উপহার দিয়েছে ইয়োহান ক্রুইফের মতো কিংবদন্তি এবং ‘টোটাল ফুটবল’-এর মতো বৈপ্লবিক দর্শন। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে তিনবার ফাইনাল হারের এক বিষাদময় রেকর্ড। ১৯৭৪ সালে ক্রুইফের নেতৃত্বে ডাচরা ফাইনালে উঠলেও পশ্চিম জার্মানির কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়। এর ঠিক পরের আসরে অর্থাৎ ১৯৭৮ সালে আবারও ফাইনালে উঠলেও স্বাগতিক আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে পরাজিত হয় তারা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডসের সামনে সুযোগ এসেছিল সেই আক্ষেপ মেটানোর, কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আবারও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

রানার্সআপ ছাড়াও বিশ্বকাপের অন্যান্য আসরে ডাচদের সাফল্য নজরকাড়া। ২০১৪ সালে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা তৃতীয় স্থান অধিকার করেছিল। এর আগে ১৯৯৮ সালে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে চতুর্থ হয় তারা। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। বিশ্বকাপের ট্রফি এখনো অধরা থাকলেও ডাচদের ঝুলিতে রয়েছে ১৯৮৮ সালের ইউরো জয়ের গৌরব।

এবারের ২০২৬ বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডাগআউটে রয়েছেন অভিজ্ঞ রণকৌশলী রোনাল্ড কোম্যান। তার অধীনে ডাচরা আবারও সেই পুরনো আক্রমণাত্মক ও ভারসাম্যপূর্ণ ফুটবলের পথে হাঁটছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া এ দলটি এবার চায় তাদের দীর্ঘদিনের সেই ফাইনালের অভিশাপ কাটিয়ে সোনালি ট্রফিটি নিজেদের করে নিতে।

রোনাল্ড কোম্যানের দর্শন : কোম্যানের ফুটবল দর্শন মূলত ডাচ ঐতিহ্যেরই প্রতিফলন, যেখানে উইং ব্যবহার এবং মাঝমাঠের নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তিনি দলকে ৪-৩-৩ অথবা ৩-৪-৩ ফরমেশনে খেলাতে পছন্দ করেন। তার লক্ষ্য কেবল নান্দনিক ফুটবল নয়, বরং আধুনিক ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে শারীরিক শক্তি ও কৌশলের সঠিক প্রয়োগ ঘটানো।

মূল ভরসা-ফন ডাইক ও কোডি গাকপো : নেদারল্যান্ডস রক্ষণের প্রধান অতন্দ্র প্রহরী অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তার উপস্থিতি দলের রক্ষণভাগকে দেয় বাড়তি আত্মবিশ্বাস। অন্যদিকে বর্তমান ডাচ ফুটবলের সবচেয়ে বড় সেনসেশন কোডি গাকপো। গত বিশ্বকাপ এবং ইউরোতে তার দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে যে, তিনি বড় মঞ্চের তারকা। এই দুজনের ওপরই নির্ভর করছে ২০২৬ আসরে ডাচদের ভাগ্য।