সাব্বির-শামীমদের ক্যাপ্টেন শুক্কুর

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:৫৬ এএম

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠেয় টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে তরুণদের সঙ্গে অভিজ্ঞতার মিশেল রয়েছে। উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে অধিনায়ক করে সাজানো এই দলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা সাত ক্রিকেটার আছেন। তাদের মধ্যে তিন সংস্করণেই খেলা সাব্বির রহমানও আছেন। অন্য ছয়জন হলেন রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

৩৪ বছর বয়সী সাব্বিরের সঙ্গে অভিজ্ঞতার তালিকায় আছেন আবু হায়দার। দলের অধিনায়ক ইরফান শুক্কুরের বয়সও ৩৩ বছর। ফলে উদীয়মান ক্রিকেটারদের মঞ্চ হিসেবে পরিচিত এইচপি দলের এবারের চেহারায় অভিজ্ঞতার উপস্থিতি বেশ স্পষ্ট। এই দল নিয়েই টানা তৃতীয়বারের মতো ডারউইনের টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। আগের দুই আসরের একটিতে ফাইনাল খেলেছিল এইচপি। এবার শিরোপা জেতা মূল লক্ষ্য দলটির।

আগামী ২১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট। বাংলাদেশ এইচপিসহ মোট ৯টি দল অংশ নিচ্ছে। অন্য দলগুলো হলো নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, শিকাগো কিংসভেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। লিগ পর্বে ৬ ম্যাচ খেলবেন শুক্কুর-সাব্বিররা।

বাংলাদেশ এইচপি দল : ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর রাতুল, সাব্বির রহমান, রহনতন দৌলা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত