তিন দিনেই আসছে হামজা শমিতদের নতুন কোচ

জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ ঘিরে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি কমিটি দীর্ঘ যাচাই-বাছাই শেষে সম্ভাব্য প্রার্থীদের তালিকা সংক্ষিপ্ত করে ১০ জনে নামিয়ে এনেছে। যদিও একটি সূত্রে জানা গেছে, সর্বশেষ সংখ্যায় আরও দুজন কোচের নাম যুক্ত হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জাতীয় দলের একজন প্রধান কোচ চূড়ান্ত করবে কমিটি।

বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২৩ জন কোচের আবেদন জমা পড়েছিল বাফুফেতে। সেখান থেকে ধাপে ধাপে বাছাই করে প্রথমে ৭৫ এবং পরে ৫৫ জনে নামানো হয়েছিল। সবশেষে সোমবার বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে ১০ জনকে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে বলে ফর্টিজে অনুষ্ঠিত ন্যাশনাল টিমস কমিটির সভাশেষে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

বাফুফের এ সদস্য বলেন, ‘প্রত্যেক কোচের জীবন-বৃত্তান্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে। সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান এবং অন্যান্য সদস্য সরাসরি এ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। এখন এই ১০ জনের সঙ্গে সরাসরি আলোচনা করে আগামী তিন দিনের মধ্যেই একজনকে চূড়ান্ত কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

মালদ্বীপে চারজাতি টুর্নামেন্ট ও সান মারিনোতে ফিফা প্রীতি ম্যাচের জন্যই কোচ নিয়োগের প্রক্রিয়া দ্রুত করতে হচ্ছে বলে জানান বাবু। তবে দুই দেশে বাংলাদেশের দুটি জাতীয় দল যাবে। আমিরুল ইসলাম বলেন, ‘আগামী জুন মাসে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। একটি হবে মালদ্বীপে চারজাতি প্রতিযোগিতা, যেখানে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ। একই সময়ে আরেকটি দল যাবে সান মারিনোতে। ফলে জাতীয় দলকে দুই ভাগে ভাগ করে আলাদা দুটি স্কোয়াড গঠন করা হবে।’ তবে সূত্রে জানা গেছে, মূল দলটিই যাবে সান মারিনোতে। মালদ্বীপে যাবে মূল দল থেকে বাদ পড়া এবং অনূর্ধ্ব-২০ ও ২৩ দলের ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলটি।

গোলকিপিং কোচ ও ফিটনেস কোচ নিয়োগের বিষয়টিও নতুন প্রধান কোচের ওপরই ছেড়ে দেওয়া হবে। মিডিয়া কমিটির চেয়ারম্যানের কথা ‘আগে প্রধান কোচ নিয়োগ দেওয়া হবে, এরপর তার সঙ্গে আলোচনা করেই সহকারী কোচিং স্টাফ চূড়ান্ত করা হবে।’ সামনেই রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ, তাই দ্রুত দল গঠন করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লিগের পারফরম্যান্স বিবেচনায় দেশের বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড় বাছাই করে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা রয়েছে। কর্মকর্তারা মনে করছেন, বর্তমান খেলোয়াড়দের মান ও গভীরতা বিবেচনায় ভালো ফল করা সম্ভব।

এদিকে ন্যাশনাল টিমস কমিটির অন্যতম সদস্য ও ফর্টিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন জানিয়েছেন, ‘কোচ নিয়োগের তালিকায় আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মতো ফুটবল পরাশক্তির অভিজ্ঞ কোচরাও রয়েছেন। তাই বাফুফে আশাবাদী সঠিক কোচ নির্বাচন করা গেলে মালদ্বীপের টুর্নামেন্টসহ আসন্ন প্রতিযোগিতাগুলোতে ভালো ফল পাওয়া সম্ভব হবে।’