বগুড়ায় বোরো সংগ্রহ অভিযান শুরু, ধান-চাল কেনায় খাদ্য বিভাগের উদ্যোগ

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় শহরের চকসুত্রাপুর সদর এলএসডি প্রাঙ্গণে বোরো সংগ্রহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চলতি বছরে জেলায় বোরো-২০২৬ সংগ্রহ মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন, সিদ্ধ চাল ৭২ হাজার ৬০২ মেট্রিক টন এবং আতপ চাল ৩ হাজার ৮১১ মেট্রিক টন। সংগ্রহমূল্য ধান প্রতি কেজি ৩৬ টাকা, সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চাল প্রতি কেজি ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন উর রশীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বোরো মৌসুমে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, জেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জেলা খাদ্য বিভাগ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি থাকবে। প্রান্তিক কৃষকরা এতে প্রধান্য পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।