চট্টগ্রামের বাকলিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল) করার জেরে আদনানুজ্জামান নিহাল নামের এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার নিজ বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আদনানুজ্জামান নিহাল নগরীর পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, সকাল প্রায় সাড়ে ৯টার দিকে নিহালের পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে জানায়। এরপর তারা তাকে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে।