চীন সফরে আরাগচি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শুরু হওয়া উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল মঙ্গলবার তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আরাগচির সফর সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও-চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তিনি বেইজিং যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এ সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন তিনি। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে গত সপ্তাহে আরাগচি যুক্তরাষ্ট্রের প্রস্তাবেরবিষয় নিয়ে আলোচনা করতে পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফর করেছিলেন। এই ধারাবাহিক সফরগুলো ইঙ্গিত দেয় যে, ইরান বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার চেষ্টা করছে।

এদিকে, হরমুজ প্রণালি পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপকে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরান। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটনের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা বিঘিœত করার অভিযোগ আনেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওই অঞ্চলে একটি ‘নতুন সমীকরণ’ তৈরি হচ্ছে।