হজযাত্রীদের সুরক্ষায় টিকাদানের উদ্যোগ সৌদির

সৌদি সরকার আসন্ন হজ মৌসুম সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজে অংশগ্রহণকারী প্রত্যেক হাজিকে হজ শুরুর কমপক্ষে ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকা গ্রহণ করতে হবে, খবর গালফ নিউজের। 

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এ নির্দেশনায় বলা হয়, বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশে সংক্রামক রোগের ঝুঁকি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তার প্রথম ধাপ হলো এই টিকাদান। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে।

বিশেষ করে মেনিনোকোকাল ডিজিজ, কোভিড-১৯ এবং মৌসুমী ইনফ্লুয়েন্সার টিকা গ্রহণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বিশাল এই গণজমায়েতে সংক্রমণের বিস্তার সীমিত রাখতে এই টিকাগুলো অত্যন্ত কার্যকর। 

হজযাত্রীদের সুবিধার্থে ‘সিহহাতি’ অ্যাপের মাধ্যমে টিকার অ্যাপয়েন্টমেন্ট বুক করার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকাগুলো আলাদাভাবে অথবা একই সাথে গ্রহণ করা যাবে। এসব টিকা আন্তর্জাতিকভাবে অনুমোদিত এবং গর্ভবতী নারীসহ সকল ব্যক্তির জন্য সম্পূর্ণ নিরাপদ।