ঈদুল আজহা সামনে রেখে শপিংমলের সময়সূচির পরিবর্তন চান ব্যবসায়ীরা। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রেখে রাত ১০টা পর্যন্ত বেচাকেনার সুযোগ চান ব্যবসায়ীরা। ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি আজহারুল হক আজাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ^ব্যাপী তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে বর্তমানে ৭টা পর্যন্ত শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার। সংগঠনটি বলছে, আসন্ন ঈদুল আজহার উৎসব কেন্দ্র করে দেশের বাণিজ্যিক কার্যক্রমে স্বাভাবিকভাবেই গতি সঞ্চারিত হবে। বিশেষ করে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল খাতের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ একটি বিক্রয় মৌসুম। জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার ঘোষিত শপিংমলের সময়সূচি বাস্তবায়িত হচ্ছে। তবে বাস্তবতা বিবেচনায় এই সময়সূচির পুনর্বিন্যাস এখন জরুরি হয়ে উঠেছে।
সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, শপিংমলগুলোর মোট বিক্রয়ের প্রায় ৬০ শতাংশ হয় সন্ধ্যার পর। বাকি মাত্র ৪০ শতাংশ বিক্রি হয় দিনের বেলায়। তীব্র গরম ও কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকে, ফলে সন্ধ্যার পরই মূল কেনাকাটার চাপ তৈরি হয়। বর্তমান সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধ হয়ে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ সময়ের বড় একটি অংশ ব্যবসার বাইরে থেকে যাচ্ছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বড় ধরনের বিক্রয় সম্ভাবনা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনটি বলছে, পাড়া-মহল্লার দোকান, রেস্টুরেন্ট, খোলাবাজার ও বিভিন্ন অস্থায়ী মেলা রাত পর্যন্ত খোলা থাকছে। ফলে শপিংমলের ক্ষেত্রে আলাদা সময়সীমা বজায় রাখা, বাজার ব্যবস্থায় একটি অসম প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করছে।