আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চারটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পর গতকাল সোমবার প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন অনির্দষ্টকালের জন্য স্থগিত করেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
শেয়ার লেনদেন স্থগিত হওয়া ব্যাংক বহির্ভূত (নন-ব্যাংক) আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) হলোÑ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। পুঁজিবাজারের বাইরে থাকা অপর কোম্পানিটি হলোÑ আভিভা ফাইন্যান্স লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় অঙ্কের মূলধন ঘাটতি, বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয় ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতার কারণে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে প্রশাসক নিয়োগের পর গতকাল শেয়ারবাজারে থাকা কোম্পানিগুলোর শেয়ার লেনদেনও স্থগিত করা হয়। এটি অবসায়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ৯ আগস্ট অনিয়ম, জালিয়াতি এবং দীর্ঘদিন আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের মোট আমানতের পরিমাণ ৩ হাজার ৫৬০ কোটি টাকা, যার মধ্যে ব্যক্তি আমানত ৬৪৬ কোটি টাকা। প্রতিষ্ঠানটির অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে দায় রয়েছে ১ হাজার ৫০৫ কোটি টাকা। ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মোট আমানত ৩৮৯ কোটি টাকা, যার মধ্যে ব্যক্তি আমানত ১০৫ কোটি টাকা। অন্যদিকে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মোট আমানত ৪৫০ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানত ৩৬ কোটি টাকা। পাশাপাশি অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ৩৪৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক বলেছে, এ পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণে কার্যকর অগ্রগতি হবে। একই সঙ্গে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে গতকাল সোমবার ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে ‘অকার্যকর’ ঘোষণা করায় সোমবার থেকে তাদের শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
