মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া

নাটোর-বগুড়া মহাসড়কে গাছে গাছে লাল কৃষ্ণচূড়া ফুল পথচারীদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে। গ্রীষ্মের দাবদাহে মানুষ আর পশু-পাখি যখন বেসামাল, ঠিক তখনই কৃষ্ণচূড়ার ফুলে বিচিত্র রূপ নিয়েছে এ মহাসড়ক। দূর থেকে দেখলে মনে হয়, বৈশাখের রোদের সব উত্তাপ গায়ে মেখে রক্তিম হয়েছে পুষ্পরাজি। যেন কৃষ্ণচূড়ার রঙে মেতেছে সড়কটি।

প্রতিদিন উত্তরাঞ্চলের হাজার হাজার যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করে। বর্তমানে এ সড়কে যাতায়াতকারীদের নজর কাড়ছে কৃষ্ণচূড়া ফুল। সেই সঙ্গে মন রাঙাচ্ছে। নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলা এলাকার খেজুরতলা, বন্দর, শেরকোল, নিংগইন, বালুভরা, সিংড়া বাসস্ট্যান্ড, চৌগ্রাম, জামতলী ও বাঁশের ব্রিজ নামের জায়গাগুলোতে কৃষ্ণচূড়া ফুলে ভরা গাছগুলো সত্যিই দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের।

এ সড়কে যাতায়াতকারী ছবিরন-গুলজান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রবিউল করিম খোকন বলেন, ‘কৃষ্ণচূড়া ফোটার সঙ্গে সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন যাতায়াতের সময় ফুল দেখতে মনোমুগ্ধকর লাগে। মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়।’ চৌগ্রাম এলাকার ব্যবসায়ী কাহ্হার সিদ্দিক কামরুল বলেন, ব্যবসায়িক কাজে এ সড়কে দিনে কয়েকবার যাতায়াত করতে হয়। যাতায়াতের সময় কৃষ্ণচূড়া ফুলগুলো দেখলে মন জুড়িয়ে যায়। যা সত্যিই অসাধারণ।

সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা বলেন, গ্রাম ও শহর এলাকা থেকে দিনদিন কমে যাচ্ছে রঙিন কৃষ্ণচূড়া গাছ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষ ও প্রকৃতির স্বার্থেই বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান এ পরিবেশবাদীর।