উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা ছাত্রদলের

বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) পদত্যাগের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা দিয়েছে বিশ্ববিদ্যালের ছাত্রদল শাখা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল বিশ্ববিদ্যলয় কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এ সময় সদস্য সচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ড. আতিয়ার রহমান আইন না মেনে নিজের খেয়ালখুশি মতো নিজের পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয়; বরং দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়েছেন। পাশাপাশি আওয়ামী শিক্ষকদের বিভিন্ন পদে পদায়নও করেছেন।

তারা আরও অভিযোগ বলেন, এই ভিসির বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে, যার মধ্যে বরাদ্দে অতিরিক্ত জ্বালানি উত্তোলন, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয়সহ পাহাড়সম অভিযোগ রয়েছে। মূলত তিনি এই বিশ্ববিদ্যালকে শিবিরের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তারা এমন দলকানা ভিসিকে চান না। তাই এই আলটিমেটাম দিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেন নেতাকর্মীরা।

ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঢাকায় একটি প্রোগ্রামে রয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই।