লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
সীমান্তের বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুরে সাড়ে ১২টার দিকে সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের কাছে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড়িয়ে ভিডিও করছিল। একপর্যায়ে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। ড্রোনটি পড়ার পর বিএসএফ সদস্যরা সেটি উদ্ধারের চেষ্টা করলে কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিয়ে আসেন।
বিজিবির রংপুর-৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট ড্রোনটির বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ড্রোনটি বর্তমানে বিজিবির আওতায় রয়েছে বলে তাদের জানানো হয়েছে।’