ক্ষমতা দখলের আগেই অ্যাকশনে বিজেপি

দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। নতুন সরকার শপথ নেওয়ার আগেই প্রশাসনিক স্তরে বড় ধরনের পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিযুক্ত সমস্ত অবসরপ্রাপ্ত আমলাদের সরকারি দপ্তরে প্রবেশের ওপর এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (৬ মে) লোক ভবন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা সমস্ত বিভাগীয় সচিবদের এই নির্দেশ দিয়েছেন। মৌখিক এই আদেশে জানানো হয়েছে যে, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা উপদেষ্টা দপ্তরে উপস্থিত হতে পারবেন না। এই নির্দেশের পরেই বিভিন্ন বিভাগে কর্মরত অনেক অবসরপ্রাপ্ত আমলা পদত্যাগপত্র জমা দিতে শুরু করেছেন এবং সরকারি আবাসন খালি করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের আগে নথিপত্র এবং গুরুত্বপূর্ণ ফাইলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার মুখ্যসচিব সমস্ত বিভাগকে সতর্ক করে জানিয়েছেন যে, গুরুত্বপূর্ণ কোনো ফাইল কোনোভাবেই যেন সরকারি দপ্তরের বাইরে না যায়। ফাইলের তালিকা প্রস্তুত করতে আর্থিক উপদেষ্টাদের সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে যাতে দাপ্তরিক স্বচ্ছতা বজায় থাকে।

নির্বাচনী ফলাফলের দিকে তাকালে দেখা যায়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে। ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করেছে বিজেপি, যেখানে বিদায়ী তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন। এক সময়ের অপরাজেয় মমতা বন্দ্যোপাধ্যায়ও তার নিজের কেন্দ্র ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হয়েছেন।

আগামী ৯ মে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি তাদের প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের আগমনের আগে প্রশাসনিক এই রদবদল এবং কড়াকড়ি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

সূত্র: এনডিটিভি