বান্দরবানের স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সদস্য বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাকে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক করায় বান্দরবানে গণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে বান্দরবান নির্বাচন অফিসের সামনে থেকে সর্বত্র নেতারা ব্যানারে মিছিলটি বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বক্তব্য দেয় নেতাকর্মীরা। এ সময় মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সহসভাপতি জসীম উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পদক উজ্জল কুমার নাথ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সজিব হাওলাদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অরুণময় তঞ্চঙ্গ্যা, বান্দরবান পৌরসভা ছাত্রদল রাশেদুল ইসলাম। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্র সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র উপেক্ষা করে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে, যা সংগঠনের আদর্শের পরিপন্থি। তারা বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য, সেখানে অছাত্র ও বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়। বিক্ষোভকারীরা অবিলম্বে ওই আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও নিয়ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দাবি জানান।