নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) আটক করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখের বাড়ি একই উপজেলার দামোদার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সাকিব তার স্ত্রী চাঁদনীকে নিয়ে নড়াইল সদরের বাহিরগ্রামে খালুর বাড়িতে বেড়াতে আসে। সাকিব মাদকাসক্ত ও বেকার হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন স্বজনরা। রক্তাক্ত অবস্থায় চাঁদনীকে রাত ১টা ২৫ মিনিটের দিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রথমে তারা দাবি করেন রাতের অন্ধকারে অসাবধানতাবশত বঁটির ওপর পড়ে আহত হয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় সদর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কু-ু বলেন, হাসপাতালে নেওয়ার পর পরিবার দাবি করেছিল যে, অসাবধানতাবশত বঁটির ওপর পড়ে চাঁদনী আহত হয়েছেন। কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্ন হওয়ায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃতদেহের ময়নাতদন্ত জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তর করা হবে।