পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত মাইগ্রেশন, মানব পাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তাসংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। আইজিপি সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে ইতালির সহায়তা কামনা করেন।