মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয় : হাইকোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম ও মোহাম্মদ হোসেন লিপু। আদালতের রুলের বিষয়টি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন দেশ রূপান্তরকে নিশ্চিত করেন। গত ২৩ এপ্রিল সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন।