চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা মালিক-চালক

রাজধানীর ফার্মগেটের পানির পাম্পের পাশে একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণের বেঁচে গেছেন গাড়ির মালিক ও চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো চ-১৯-৩৩৯৭ গাড়িটি সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেটের দিকে আসার সময় পানির পাম্পের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িটি পুড়ে গেছে।

প্রথমে চলন্ত মাইক্রোবাসে একটা বিকট আওয়াজ হয়। এ সময় মাইক্রোবাসের ভেতরে যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে নেমে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে রেকারের মাধ্যমে রাস্তা থেকে সরিয়ে নেয় তেজগাঁও থানার এসআই সিজার।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ আহত হয়নি।