রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ

রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রনির চাচাতো ভাই মো. হাসান বলেন, রনি ব্যবসা করেন। আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে গোলাগুলির ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের (ইউনিট) শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক দেশ রূপান্তরকে জানান, কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তার বাম পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।