লাল বলের ক্রিকেটেও তামিমের ব্যাটে ‘আগ্রাসন’ দেখতে চান শান্ত

টেস্ট ক্রিকেটের চিরায়ত মন্থর ব্যাটিংয়ের ধারণা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। আধুনিক ক্রিকেটের দাবি মেনে এখন ইনিংসের শুরু থেকেই রান তোলার গতি বাড়াতে চায় টাইগাররা। আর এই নতুন পরিকল্পনার মূলে রয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের পর টেস্ট দলে তার অন্তর্ভুক্তি নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তামিমের কাছ থেকে তিনি সীমিত ওভারের মতোই স্বভাবসুলভ চনমনে ব্যাটিং আশা করেন।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, টপ-অর্ডারে রানের গতি বাড়াতে তামিমকে লাল বলের ক্রিকেটে ভাবা হচ্ছে। আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক শান্ত সেই ভাবনাকেই সমর্থন করলেন। তিনি মনে করেন, বড় লক্ষ্য তাড়ায় বা প্রথম ইনিংসে শক্ত অবস্থান তৈরিতে তামিমের মতো ‘ইমপ্যাক্ট’ তৈরি করতে পারা ব্যাটার দলে থাকা জরুরি।

অধিনায়কের মতে, আধুনিক টেস্টে কেবল টিকে থাকা নয়, রান করাটাই এখন মূখ্য। শান্ত বলেন, “একেকজন ক্রিকেটারের খেলার নিজস্ব একটা ধরণ থাকে। আমি চাই না কেউ দলে এসে নিজের সহজাত ব্যাটিং বদলে ফেলুক। কেউ যদি ১২০ ওভার খেলে ৪০০ রান করে তাও ভালো, আবার ৮০ ওভারে সেই রান এলেও দলের জন্য তা দারুণ। আমি চাই তামিম তার নিজস্ব স্টাইলেই ব্যাট করুক।”

তানজিদ তামিমের কাছ থেকে ওয়ানডে বা টি-টোয়েন্টির মতোই মারমুখী ব্যাটিং প্রত্যাশা করছেন শান্ত। তিনি যোগ করেন, “তামিম যদি উইকেটে গিয়ে ১০ ওভারে ৫০ রান তুলে দেয়, তবে দল দ্রুতই সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাবে। তার ব্যাটিং ক্যারেক্টার দলের জন্য বাড়তি পাওয়া। বিশেষ করে কন্ডিশন যদি অনুকূলে থাকে, তবে ৪০০-৪৫০ রানের টার্গেট পূরণে এমন বিধ্বংসী শুরু খুব দরকার।”