প্রথম দিন সাইফ হাসান পারেননি ৯৬ রানে রানআউট হওয়ায়। আশিকুর রহমান শিবলি ১ রানের জন্য পারেননি ইনিংসের সময় শেষ হওয়ায়। আজ মুনিম শাহরিয়ার ৯২ রানে আউট হয়ে গেছেন। শেষপর্যন্ত এবারে ডিপিএলে প্রথম সেঞ্চুরিটা এলো তরুণ সামিউন বাশার রাতুলের ব্যাট থেকে।
বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের এই অলরাউন্ডার ৭০ বলে করেছেন অপরাজিত ১১৬ রান। তার এই ইনিংসের কল্যাণে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে ৩৫৮ রান করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা রাতুল ১৭০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আইচ মোল্লা (৬২) আউট হওয়ার পর ক্রিজে এসে ১৮৮ রান এনে দিয়েছেন দলকে। অধিনায়ক শেখ মাহেদীর সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৫৩ এবং মাসুন খান টুটুলের সঙ্গে অবিচ্ছিন্ন নবম জুটিতে যোগ করেন ৮৫ রান।
৩৭ বলে ফিফটি করার পর আর ২৭ বলে ছুয়েছেন তিন অংকে। পুরো ইনিংসে মেরেছেন ৬টি বাউন্ডারি আর ১০টি ছক্কা।
