নওগাঁর সাপাহারে শতাধিক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে একটি সমবায় সমিতির কর্মকর্তারা লাপাত্তা হয়েছেন। গ্রাহকরা আমানতের টাকা নিতে এসে দেখেন সমিতির কার্যালয় বন্ধ। মুঠোফোনেও প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। প্রতিষ্ঠানটির নাম গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড।
সঞ্চয়ের টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হালিমসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রাহকরা। এ উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচি শেষে ভুক্তভোগী গ্রাহকদের একটি প্রতিনিধিদল গ্রাহকদের সঞ্চিত টাকা ফেরত ও প্রতারক চক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও), সাপাহার থানার ওসি ও উপজেলা সমবায় কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়–লিয়া এলাকার বাসিন্দা আব্দুল হালিম ও স্থানীয় আরও কয়েকজন মিলে ২০১৬ সালে ‘গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি’ নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন।