সিঙ্গাপুর থেকে ৩ কার্গো এলএনজি ও ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন আমদানি এবং র্যাবের জন্য গাড়ি ক্রয়সহ সাতটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ২ হাজার ৯৮৫ কোটি ৯৩ লাখ টাকা। এর বাইরে দুটি পৃথক প্রস্তাবে বেসরকারি দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ হার পুনর্নির্ধারণ এবং ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ৫টি প্যাকেজের পূর্তকাজের একটি পৃথক ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ১০ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ অফশোর মডেলের খসড়া পিএসসি এবং ভর্তুকির অর্থে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে স্পট মার্কেট থেকে তিন (চলতি বছরের ২০, ২১ ও ২২তম) কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ কার্গো তিনটি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার টাকা।
বৈঠকে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার কোম্পানি ‘পিটি ট্রিনিটি কেহইয়া এনার্জি’ এ তেল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।
বৈঠকে র্যাবের সক্ষমতা বাড়াতে তিনটি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ ও ৬০টি মাইক্রোবাস ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
ঢাকান্ডময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বৈঠকে সংশ্লিষ্ট এলাকায় সাব-স্টেশন নির্মাণসহ আনুষঙ্গিক কাজের তিনটি পৃথক প্যাকেজের তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২৮৬ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা।
অন্যদিকে বৈঠকে দুই ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ হার পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে বর্তমান বাজারদর অনুযায়ী ‘নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড’ কর্তৃক নির্মিত দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ হার পুনর্নির্ধারণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইউনিট-২)’-এর পুনর্নির্ধারিত ট্যারিফ হার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৫ দশমিক ৫৪১ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ২৩ দশমিক ৬৯৮ টাকা।
আর ‘ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র’-এর পুনর্নির্ধারিত ট্যারিফ হার গ্যাসের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৪ দশমিক ৬৫০৩ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ২০ দশমিক ৬৯৬৭ টাকা।
এ ছাড়া বৈঠকে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক রাজধানীর শেরেবাংলা নগরে ৩ বেজমেন্টের একটি ১২ তলা অফিস ভবন নির্মাণে একটি প্যাকেজ কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘কুশলী নির্মাতা লিমিটেড’। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকা।