ই-কমার্স খাতের জন্য বিশেষ টাস্কফোর্স

দেশের ই-কমার্স খাতকে বৈশ্বিক বাজারের সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করতে আগামী সাত দিনের মধ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রায়হান আসিফ আসাদ। তিনি বলেছেন, দেশের ক্রস-বর্ডার ই-কমার্সকে শক্তিশালী করতে সরকারি-বেসরকারি সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

গত ৬ মে রাজধানীর আইসিটি ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘ক্রস-বর্ডার ই-কমার্স : অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, ‘তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের পরবর্তী বৃহৎ রপ্তানি সম্ভাবনার খাত থেকে পারে ক্রস-বর্ডার ই-কমার্স। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আন্তর্জাতিক মানের লজিস্টিক ব্যবস্থা, সহজ ও দ্রুত কাস্টমস প্রক্রিয়া এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট অবকাঠামো নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, দেশের লক্ষাধিক প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের আগামী ১০ দিনের মধ্যে খাতটির প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই গঠিত টাস্কফোর্স দ্রুত করণীয় নির্ধারণ করবে।

সেমিনারে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত টাস্কফোর্স দ্রুত কার্যক্রম শুরু করলে বাংলাদেশের ই-কমার্স খাত বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন গতি পাবে এবং দেশের রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।