রূপপুরের প্রথম ইউনিটে চালু হলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটম এ প্রক্রিয়া সম্পন্ন করে।

শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রসাটম জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন ও সরঞ্জাম সরবরাহের কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রটির নিরাপদ ও দক্ষ পরিচালনার পথ আরও সুগম হয়েছে।

এই ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও নিয়মিত পরিচালনাকালে যন্ত্রপাতির কার্যকারিতা, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, বিকিরণ পরিস্থিতি এবং সার্বিক প্রযুক্তিগত কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরুর মাধ্যমে কেন্দ্রটি চালুর প্রাথমিক ধাপে প্রবেশ করে। এরপরই গুরুত্বপূর্ণ এই নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হয়। রসাটমের অটোমেশন ও বৈদ্যুতিক প্রকৌশল বিভাগ ‘রসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস’ এই প্রযুক্তি সরবরাহ করেছে। প্রথম ইউনিটের জন্য স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থাসহ মোট ২২টি সাব-সিস্টেম স্থাপন করা হয়েছে।

রসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমসের অটোমেটেড প্রসেস কন্ট্রোল বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গ্লেব মুরাশভ জানান, রূপপুর প্রকল্পের বিশেষ চাহিদা বিবেচনায় এই ব্যবস্থায় একাধিক উন্নয়ন ও পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, প্রথমবারের মতো এখানে কমপ্যাক্ট বেঞ্চভিত্তিক নকশা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থাও যুক্ত রয়েছে। প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ ও কমিশনিং সম্পন্ন হয়েছে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ ধরনের চুল্লি স্থাপন করা হচ্ছে। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।