আজ শুক্রবার (৮ মে) জনপ্রিয় অভিনয় শিল্পী শর্মিলী আহমেদের জন্মবার্ষিকী। ১৯৪৭ সালের এই দিনে তিনি ভারতের মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের একজন গুণী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী।
শর্মিলী আহমেদের অভিনয় যাত্রা শুরু হয় ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রের মাধ্যমে। বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’-তে তিনি অভিনয় করেন। তার অভিনীত নাটক ও চলচ্চিত্রের সংখ্যা যথাক্রমে প্রায় ৪০০ ও ১৫০টি। তার অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে নানা ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছেন।
২০২২ সালের ৮ জুলাই সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।
ব্যক্তিগত জীবনে শর্মিলী আহমেদের তানিমা নামের একজন মেয়ে রয়েছে। তার ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি থিয়েটারে অভিনয়ের সঙ্গে যুক্ত।