শিল্পী হাসানকে বোতল নিক্ষেপ, জড়িতদের শাস্তির দাবি

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসানের দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিল্পী, সংস্কৃতিকর্মী ও নেটিজেনরা জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশন করার সময় দর্শকসারি থেকে হাসানের দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। এ ঘটনায় অনুষ্ঠানস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও শিল্পী তার পরিবেশনা চালিয়ে যান। 

ঘটনার পর গীতিকার প্রিন্স মাহমুদ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, কেন মঞ্চে পারফর্ম করার সময় একজন শিল্পীকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হলো এবং যারা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিচ্ছিল, তারা কারা ও কী উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিল। কী কারণে একজন শিল্পীর ওপর এমন আচরণ করা হলো। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। পাশাপাশি অনুষ্ঠানে থাকা সিসিটিভি ও মোবাইল ফোনের ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত শনাক্ত করার আহ্বান জানান তিনি।

ঘটনাটি নিয়ে সংগীতাঙ্গনের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সংগীতশিল্পী রবি চৌধুরী ঘটনাটিকে “খুবই দুঃখজনক” বলে মন্তব্য করেছেন। লুৎফর হাসান বলেছেন, জড়িতদের শনাক্ত করা কঠিন নয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অভিনেতা মিশা সওদাগরও এ ঘটনায় নিন্দা জানিয়ে সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত