পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রবেশপথ হরমুজ প্রণালীতে আবারও বড় ধরনের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো উস্কানি দেয় বা উত্তেজনা সৃষ্টি করে, তবে এই অঞ্চলে পুনরায় সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সামরিক বাহিনীর একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বর্তমানে ওই অঞ্চলের পরিস্থিতি ‘শান্ত’ থাকলেও মার্কিন বাহিনী যদি ফের হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে এবং ইরানি জাহাজের চলাচলে ‘বিঘ্ন’ ঘটায়, তবে পরিস্থিতি বদলে যাবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘এই অঞ্চলে আবারও যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা এখনো প্রবল।’
এর আগে, ইরানের আরেক সংবাদ সংস্থা ‘ফারস’ জানিয়েছিল, হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে ‘বিক্ষিপ্ত সংঘর্ষের’ ঘটনা ঘটেছে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওমান উপসাগরে ইরান-পতাকাবাহী দুটি খালি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজ দুটি বর্তমানে বলবৎ থাকা মার্কিন অবরোধ অমান্য করে ইরানের একটি বন্দরে প্রবেশের চেষ্টা করছিল।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই টানাপোড়েন বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আল-জাজিরা