জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন নির্বাহী আদেশ ট্রাম্পের 

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম

মার্কিন সংবিধানে সুরক্ষিত জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বজায় রেখে দেশটির সুপ্রিম কোর্ট রায় দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায়, নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সুবিধা সীমিত করতে এবার আরও দুটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সই করা নতুন দুটি আদেশ ট্রাম্পের আগের উদ্যোগের তুলনায় অনেকটাই সীমিত। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সব শিশুই বর্তমানে জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকে।

নতুন আদেশগুলোর একটিতে জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান ব্যতিক্রম আরও বিস্তৃত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে বিদেশি কূটনীতিক বা শত্রু বাহিনীর সদস্যদের সন্তানরা এই সুবিধা পান না। ট্রাম্পের নতুন আদেশ অনুযায়ী, কথিত ‘সন্ত্রাসী’, নাগরিকত্ব ‘কেনার’ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের সন্তান এবং যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট অঞ্চলে জন্ম নেওয়া কিছু শিশুকেও এই সুবিধার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।

অন্য নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি সচিবকে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই প্রক্রিয়ায় মায়েরা কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে থাকেন।

ট্রাম্পের আগের চেষ্টার মতোই, এই নতুন নির্বাহী আদেশগুলোও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে

ওভাল অফিস থেকে দেয়া এক ভাষণে ট্রাম্প তার প্রাথমিক উদ্যোগ খারিজ করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সমালোচনা করে বলেন, আদালত একটি “অত্যন্ত দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত” নিয়েছে।

“তারা জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়টিকে একটি তামাশায় পরিণত করেছে,” উল্লেখ করে ট্রাম্প আরও বলেন যে তার প্রশাসন এখন তাদের কৌশল বা পদক্ষেপে “প্রয়োজনীয় পরিবর্তন আনছে।”

এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি, দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প সংবিধানের ১৪তম সংশোধনী নতুনভাবে ব্যাখ্যা করে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার একটি নির্বাহী আদেশে সই করেছিলেন। সেখানে বলা হয়েছিল, অস্থায়ী ভিসাধারী বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়।

তবে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, ট্রাম্পের ওই উদ্যোগ সংবিধানের নাগরিকত্ব ধারার পরিপন্থি এবং তাই তা আইনসম্মত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত